ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামের চিকিৎসাকেন্দ্রগুলোতে অবস্থান না করলে চিকিৎসকদের ‘কঠোর ব্যবস্থার’ কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীতে একটি মেডিক্যাল কলেজে এক অনুষ্ঠানে তিনি বলেন, “জনগণের সেবা করতে সব চিকিৎসককে নিজ নিজ কর্মস্থলে অবশ্যই উপস্থিত থাকতে হবে। নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
“যে সব চিকিৎসককে গ্রামে দায়িত্ব দেওয়া হবে তাদের নিজ পরিবারের সদস্যদের নিয়ে কর্মস্থলে যেতে হবে” উল্লেখ করে তিনি বলেন, “এটা এড়ানোর কোন উপায় নেই।”
শেরে-বাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী।
তার এই সতর্কবার্তা চিবিৎসকদের মধ্যে কোনো প্রভাব ফেলবে কি না জানতে চাইলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রশিদ-ই-মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “না। আপনি এভাবে চিকিৎসকদের মধ্যে তাৎক্ষণিক ভীতি তৈরি করতে পারেন, কিন্তু এটা কোনো সমাধান নয়।”
প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারিকে বরং তার ব্যর্থতা ঢাকার ‘বাগাড়ম্বর’ বলে আখ্যায়িত করেন এই চিকিৎসক নেতা।
এর আগে একাধিকবার কয়েকটি অনুষ্ঠানে এ ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
রশিদ বলেন, “প্রধানমন্ত্রীর এই কঠোর হুঁশিয়ারির মাঝেই গত ৭ জানুয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবর রহমান ফকির তার নিজ নির্বাচনী এলাকা ভালুকা এবং গৌরিপুর স্বাস্থ্য কেন্দ্রে ১৯ জন চিকিৎসককে অনুপস্থিত পান। পরে প্রতিমন্ত্রী স্বাস্থ্য সচিবকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন।”
অবস্থার পরিবর্তন ঘটাতে পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি।
দুর্গম অঞ্চলে কাজ করার জন্য চিকিৎসকরা বাড়তি অর্থ পায় কি না, কিংবা তাদের সেখানে রাখতে বাধ্য করার মতো কোনো কাঠামোগত পদ্ধতি আছে কি না এ প্রশ্নও তোলেন তিনি।
জাতীয়ভাবে নয় স্থানীয়ভাবে চিকিৎসক নিয়োগের পরামর্শ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরআরডি/পিডি/২৩০৭ ঘ.
bdnews24