২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাইয়িং কারখানার ৩৫ লাখ টাকা জরিমানা

দূষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ডাইয়িং কারখানার ৩৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

গাজীপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ডাইয়িং কারখানার ৩৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকালে সফিপুর পশ্চিমপাড়ায় মাহমুদ ডেনিমস লিমিটেডে এ অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটির ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) চললেও দু’টি অবৈধ পথে কারখানার দূষিত তরল বর্জ্য গিয়ে পড়ছে সফিপুরে আনসার একাডেমির নিজস্ব লেকে। এতে লেকের পানি দূষিত হচ্ছে। এছাড়া ওই পানি তুরাগ নদে গিয়ে পড়ায় তার পানিও দূষিত করছে। গত পাঁচ বছর ধরে এভাবে চলছে। এছাড়া ওই কারখানার কোনো পরিবেশ ছাড়পত্র নেই বলেও মুনির চৌধুরী জানান। তিনি আরো বলেন, কারখানা থেকে নির্গত বর্জ্য তাৎক্ষণিকভাবে রাসায়নিক পরীক্ষা করে তাতে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় প্রতি লিটারে মাত্র ০.৪ মিলিগ্রাম, যা হওয়া উচিত প্রতি লিটারে ৪.৫ থেকে ৪.৮ মিলিগ্রাম। এ মাত্রায় (০.৪) জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। অভিযানে সহায়তা করে জেলা পরিবেশ অধিদপ্তর ও পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.