জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. তপন কুমার সাহা।
তপন কুমার বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ ছিলেন। প্রক্টরের দায়িত্ব নেওয়ার আগে তিনি ওইপদ থেকে অব্যাহতি নেন।
জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার প্রক্টর পদ ছাড়তে বাধ্য হন রসায়ন বিভাগেরই আরেক অধ্যাপক আরজু মিয়া।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্য নিজ ক্ষমতাবলে দুই বছরের জন্য তপনকে নিয়োগ দিয়েছেন। নতুন প্রক্টর মঙ্গলবারই দায়িত্ব নেবেন।
ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়েরকে গত ৮ জানুয়ারি কুপিয়ে আহত করে ছাত্রলীগের একদল কর্মী, যারা ক্যাম্পাসে উপাচার্যের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিতি। পরদিন হাসপাতালে মারা যান জুবায়ের।
এরপর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা চার দফা এবং শিক্ষকরা আট দফা দাবিতে আন্দোলন শুরু করেন। আরজু মিয়াসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ ছিল তাদের অন্যতম দাবি।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে থেকে আন্দোলনকারী শিক্ষকরা জুবায়ের হত্যার ঘটনায় জড়িত ও মদদদাতাদের চিহ্নিত করে রাষ্ট্রীয় আইনে বিচার, প্রক্টরিয়াল বডির পদত্যাগ, শিক্ষক সিমিতির সভাপতিকে লাঞ্ছিত করায় দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ অনুসারে সাবেক প্রক্টর আরজু মিয়ার শাস্তিসহ ছয়দফা দাবিতে মৌন মিছিল বের করে।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এছাড়া বেলা ১২টার দিকে নতুন কলা ভবনের সামনে থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে শোকর্যালি বের করেন। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিকাল ৩টার দিকে পরিবহন চত্বরে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা আরজু মিয়াকে অবিলম্বে জুবায়ের হত্যার ঘটনার দায় স্বীকার করার আহ্বান জানান। এছাড়া তারা প্রচলিত আইনে দোষীদের বিচার, চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়নের দাবিতে আন্দোলনের সময়কালীন বিভিন্ন স্থির চিত্র প্রদর্শন ও গণ স্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করেন।
একটি দাবি পূরণ হলেও অন্যগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/সিএস/আরএ/১৯৩০ ঘ.
bdnews24