২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ

জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও সংসদ এলাকার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও সংসদ এলাকার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি। এছাড়া সংসদ ভবন ও সদস্য ভবনের প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে মেটাল ডিটেক্টর স্থাপনেরও সুপারিশ করেছে কমিটি। বুধবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ সভায় সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ সভা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিক মিয়া এভিনিউস্থ সংসদ-সদস্য ভবনের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে এবং উদ্ভূত সমস্যা নিরসনকল্পে এবং গণপূর্ত বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের মান যাচাই-বাছাই করে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়। এ প্রতিবেদনে জাতীয় সংসদ ভবন, সংসদ-সদস্য ভবন ও সংসদ এলাকার নিরাপত্তা নিশ্চিতকল্পে নিরাপত্তা সরঞ্জাম ও সিসিটিভি স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, সংসদ ভবন ও সদস্য ভবনের প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে মেটাল ডিটেক্টর, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও আন্ডার ভেহিকল সার্চ মিরর স্থাপনের মাধ্যমে নিরপত্তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। কমিটির সদস্য আসম ফিরোজ, সাগুফতা ইয়াসমিন, শেখ আব্দুল ওহাব, মো. আব্দুল কুদ্দুস, এবিএম আশরাফ উদ্দিন (নিজান) এবং এম এ মান্নান সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮২৫ ঘ.