ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং তিন জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার এসব রদবদল করা হয়।
১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কর্মরত জেলা প্রশাসকদের মাত্র ছয় জনকে অন্য স্থানে বদলি করা হয়েছে। অন্যদের বদলির আদেশ জারি হয়নি।
নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপসচিব অনল চন্দ্র দাসকে পিরোজপুর, ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমানকে ভোলা, গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সচিব নূরুল ইসলামকে গাজীপুর, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. জাফর উল্লাহকে নাটোর, সরকারি মুদ্রণালয়ের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে শেরপুর, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের-২ উপ-প্রকল্প পরিচালক ড. মুহা. আনোয়ার হোসেন তালুকদারকে সাতক্ষীরা, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কেএম তারিকুল ইসলামকে বান্দরবান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব খাজা আব্দুল হান্নানকে ঝিনাইদহ, গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব সরওয়ার মাহমুদকে বগুড়া এবং সড়ক বিভাগের উপসচিব ড. শাহ আলমকে চাঁপাইনবাবগঞ্জে ডিসি নিয়োগ করা হয়েছে।
বর্তমানে কর্মরত জেলা প্রশাসকদের মধ্যে পিরোজপুরের রুহুল আমিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নাটোরের মজিবুর রহমানকে ভূমি মন্ত্রণালয়, গাজীপুরের কামালউদ্দিন তালুকদার ও বান্দরবানের মিজানুর রহমানকে স্থানীয় সরকার বিভাগ, ঝিনাইদহের রমা রানী রায়কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এবং শেরপুরের মো. নাসিরুজ্জামানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
এছাড়া নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোজাফফর আহমেদকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রাজশাহী চারঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. এ এন এম বজলুর রশিদকে নওগাঁ, যশোরের কেশবপুরের ইউএনও খান মো. রেজা উন নবীকে মেহেরপুর এবং বান্দরবান সদরের ইউএনও ইসরাত জামানকে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।
ঢাকার কোতোয়ালি রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুর রহমানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব ওহিদুল ইসলামকে ইউএনও নিয়োগের জন্য ন্যস্ত করা হয়েছে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১২০ ঘ.
bdnews24