নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গুলিভর্তি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার গভীর রাতে মুশুরী পশ্চিমপাড়া গ্রামের একটি বাড়ি থেকে নাজমুল হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে তাকে রূপগঞ্জ থানায় সোর্পদ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রূপগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান র্যাবের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে র্যাব-১০ এর একটি দল গ্রামের সামসুদ্দিন মিয়ার বাড়িতে অভিযান চালায়।
সামসুদ্দিন মিয়ার ছেলে নাজমুলকে আটক করে র্যাব। তার স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর থেকে তিন রাউন্ড গুলিভর্তি আমেরিকার তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়।
নাজমুল দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে মুজিবুর জানান।
তিনি আরো বলেন, উদ্ধার করা পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘ওনলি ফর আর্মি সাপ্লাই’ লেখা রয়েছে। এ ব্যাপারে র্যাব-১০এর পরিদর্শক মহিবুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.
bdnews24