বরিশাল, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-পটুয়াখালী সড়কে বাসার ধাক্কায় মটর সাইকেল আরোহী এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্য দুই শিক্ষক।
সোমবার বেলা ৩টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও খয়রাবাদ সেতুর মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নিহত মোল্লা মো. নজরুল ইসলাম মাসুদ (৩৮) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট বেগম সামসুদ্দিন তালুকার ডিগ্রি কলেজের সাচিবিক বিদ্যা বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি বাকেরগঞ্জের বোয়ালিয়া এলাকার মো. ইসমাইল মোল্লার ছেলে।
আহতরা হলেন- একই কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক এবং নলছিটির তিমিরকাঠি এলাকার সোবহান মাঝির ছেলে মো. জিয়াউল ইসলাম (৪২), সমাজকল্যাণ বিষয়ের সহকারী অধ্যাপক ও একই এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম (৪০)।
আহতের মধ্যে রেজাউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সায়েম।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে ডা. সায়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন শিক্ষক কলেজ থেকে মটর সাইকেলে চড়ে যাচ্ছিলেন। পেছন থেকে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
দুর্ঘটনায় তিন শিক্ষকই আহত হন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মাসুদ মারা যান বলে ডা. সায়েম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩২ ঘ.
bdnews24