২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল সুলতান মেলা

শিল্পী এস এম সুলতানের ৮৭তম জন্ম জয়ন্তীতে আয়োজিত সপ্তাহব্যাপী সুলতান মেলা রোববার রাতে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

নড়াইল, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পী এস এম সুলতানের ৮৭তম জন্ম জয়ন্তীতে আয়োজিত সপ্তাহব্যাপী সুলতান মেলা রোববার রাতে শেষ হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। সুলতানের আঁকা ছবিগুলো সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রধান অতিথি জানান। সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, সাংবাদিক পীর হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সপ্তাহব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সপ্তাহব্যাপী মেলার কর্মসূচির মধ্যে ছিল- আলোচনা সভা ছাড়াও হা-ডু-ডু, কুস্তি, ঘোড়ার গাড়ির দৌড়, ষাঁড়ের লড়াই, ভলিবল ও কাবাডি খেলো। আয়োজন করা হয় চিত্র প্রদর্শনী ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সুলতান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা, কুষ্টিয়া, যশোর, সিলেট ও নড়াইলের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। মেলা প্রাঙ্গণে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা নানা পণ্যের পসরা সাজান মেলায়। জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে। গত ৯ জানুয়ারি মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.