চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যানকে খুনের মামলায় আরো তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. শাহ্ আলম (৩৫), মো. ইলিয়াছ (২৬) ও দিল মোহাম্মদ (৩০)। এ নিয়ে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।
সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১১টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে শাহ আলম এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে সাতকানিয়া উপজেলার খাগরিয়া থেকে অপর দুই জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি, তিনটি লম্বা বন্দুক, ১০ রাউন্ড গুলি ও একটি ছোরা।
গত ২৫ ডিসেম্বর গভীর রাতে বাড়ির সামনেই মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজ শিক্ষক মো. নুরুল আবছার।
ঘটনার দুই দিন পর নিহতের বাবা মোহাম্মদ হোসেন ২০/২৫ জনকে আসামি করে মামলা করেন।
এরই মধ্যে আগে গ্রেপ্তার হওয়া দুই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮৫২ ঘ.
bdnews24