২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের যথাযথ ব্যবহার করুন: প্রধানমন্ত্রী

জনগণের করের টাকা যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি সীমিত সম্পদ কাজে লাগিয়ে অনেক বেশি মানুষকে সেবা দিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের করের টাকা যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি সীমিত সম্পদ কাজে লাগিয়ে অনেক বেশি মানুষকে সেবা দিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ৫৩তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে পারলে সীমিত সম্পদ দিয়েই অনেক বেশি মানুষের সেবা করা সম্ভব।” “দেশের রাস্তা-ঘাট, সেতু, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, বাড়ি-ঘর, মিল-কারখানা ও অন্যান্য স্থাপনা নির্মাণের দায়িত্ব প্রকৌশলীদের এবং আপনাদের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের প্রায় শতকরা ৮৫ ভাগ অর্থ ব্যয় হয়,” যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “এসব কাজের গুণগত মান বজায় রাখা ও রাষ্ট্রের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা প্রকৌশলীদের দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও সততার ওপর নির্ভর করে।” ২০১১ সালে নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১২ জন প্রকৌশলীকে অনুষ্ঠানে পদক ও সনদ দেন প্রধানমন্ত্রী। সুষ্ঠু পরিকল্পনা ও যথাযথ প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, “আমি আশা করি আমাদের প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা এ বিষয়ে আরো মনোযোগ দেবেন।” প্রধানমন্ত্রী স্বল্প খরচে টেকসই যন্ত্রপাতি ও স্থাপনা নির্মাণ এবং তা রক্ষণাবেক্ষণ, বিকল্প জ্বালানি ও জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি উদ্ভাবন এবং স্বল্প ব্যয়ে বাড়ি-ঘর নির্মাণ কৌশল ও প্রযুক্তি উদ্ভাবনের ওপর জোর দেন। খাদ্য নিরাপত্তা অর্জন ও শস্য সংরক্ষণে উন্নত পদ্ধতি গ্রহণ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, যথাযথ সংরক্ষণের অভাবে প্রতি বছর ৩০ হাজার কোটি টাকার ফসল নষ্ট হয়। এ অপচয় হ্রাসের উপায় খুঁজে বের করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় নতুন নতুন প্রযুক্তি বিশেষ করে নদীভাঙ্গন রোধ ও পানি নিষ্কাশন ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রে টেকসই প্রযুক্তি উদ্ভাবনে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। কৃষি যন্ত্রপাতি আমদানির জন্য প্রায় একশ’কোটি টাকা সরকারকে ভর্তুকি দিতে হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারকদের প্রযুক্তি, প্রশিক্ষণ ও পুঁজি সরবরাহ করা গেলে কৃষি যন্ত্রাংশ উৎপাদনে এদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে। আইইবি সভাপতি প্রকৌশলী নূরুল হুদা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রকৌশলী মুনির উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন। এছাড়া ৫৩তম সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ হোসেন সমাপনী বক্তব্য দেন। প্রধানমন্ত্রী এ সময় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) উদ্ভাবনের জন্য প্রকৌশলীদের অভিনন্দন জানান। তিনি বলেন, “জনগণ যাতে কোনো ধরনের ঝুট-ঝামেলা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং যাতে কেউ ভোট কারচুপি করতে না পারে সে জন্যই ইভিএম মেশিন চালু করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/পিডি/২১৪৩ ঘ.