ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে পাঁচতলা ভবনের ছাদে ঘুড়ি ওড়ানোর সময় নিচে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে শ্যামপুর ফরিদাবাদ বৈশাখী হাউজিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম আহম্মেদ (১৪) বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
ফাহিমের বাবা ব্যবসায়ী জামাল আকরাম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের বলেন, নিজ বাসার পাঁচতলার ছাদে ঘুড়ি ওড়ানোর সময় ফাহিম নিচে পড়ে মারাত্মক আহত হয়। ঘটনার পরপরই ফাহিমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুই ভাইয়ের মধ্যে ফাহিম বড় ছিল।
এদিকে শেখেরটেকে হাসনা হেনা সিমি (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আদাবর থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, ইতালি প্রবাসী স্বামী রাহিমের সঙ্গে অভিমান করে ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন সিমি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭৫২ ঘ.
bdnews24