২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের খোয়া যাওয়া অস্ত্রটি মেলেনি

রাজধানীতে জামায়াতে ইসলামীর কর্মীদের হাতে মারধরের শিকার এক পুলিশ কর্মকর্তার খোয়া যাওয়া অস্ত্রটি একদিনেও উদ্ধার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 03:13 PM

Updated : 25 Apr 2022, 08:55 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে জামায়াতে ইসলামীর কর্মীদের হাতে মারধরের শিকার এক পুলিশ কর্মকর্তার খোয়া যাওয়া অস্ত্রটি একদিনেও উদ্ধার হয়নি। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে।” একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর পরদিন বৃহস্পতিবার দৈনিক বাংলা মোড়ে একটি পুলিশ ভ্যানে ভাংচুর ও দুই কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্যকে মারধর করে জামায়াতকর্মীরা। ওই সময় এক কর্মকর্তার কাছে থাকা একটি পিস্তল খোয়া যায়। ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাংচুর ও পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার রাত ১টার দিকে ছয় জনের নাম উল্লেখসহ চার থেকে পাঁচশ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মতিঝিল থানায় দুটি মামলা হয়েছে বলে আনোয়ার জানান। আসামিরা হলেন- নাকিবুল হাসান, জাফর শেখ, সাইফউদ্দিন, দেলোয়ার হোসেন সাঈদী, আব্দুর রউফ ও মাঈনু। আহত পুলিশের পেট্রোল ইন্সপেক্টর আবুল বাশারসহ পাঁচ জনকে বৃহস্পতিবার পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ হাসপাতালের সুপারিটেনডেন্ট নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাশারের মাথায় আঘাত রয়েছে। বাশারসহ দুজনকে অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিন জন পুলিশ হাসাপাতালে চিকিৎসাধীন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এএইচ/২১১০ ঘ.