২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণচেষ্টার আসামি ছাত্রলীগ নেতার জিজ্ঞাসাবাদ কারাফটকে

সাতক্ষীরায় ধর্ষণচেষ্টা মামলায় সদ্য বিলুপ্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

সাতক্ষীরা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় ধর্ষণচেষ্টা মামলায় সদ্য বিলুপ্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সাতক্ষীরা বিচার বিভাগীয় মুখ্য হাকিম আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) রতন শেখ ছাত্রলীগ নেতা পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার ৫ দিনের হেফাজতের আবেদন করে। ধর্ষণচেষ্টার ঘটনায় এক ছাত্রীর মামলায় পলাশকে গত বৃহস্পতিবার রাতে শহরের পোস্ট অফিস মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জেলা ছাত্রলীগ। হয়রানির শিকার খুলনার ওই ছাত্রী ওই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে এসেছিলেন। এ ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়। তবে এ মামলায় অভিযুক্ত ছাত্রলীগের ওই কমিটির সভাপতি শেখ জুয়েল হাসানকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১৫১ ঘ.