গাজীপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি মালিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনায় নিহত মোহাম্মদ ইসরাইল (৪৫) কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার ইউনুস খানের ছেলে। তিনি তৈরি পোশাকের ব্যবসায়ী বলে পুলিশ জানায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. গোলাম মাসুদ সাংবাদিকদের বলেন, ইসরাইল তার নিজের গাড়ি নিয়ে কাপাসিয়া উপজেলার আড়াল দক্ষিণগাও গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে রাজাবাড়ি মালিপাড়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ইসরাইল ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ কর্মকর্তা মাসুদ জানান।
দুর্ঘটনায় আহত হয়েছেন তিন জন, তাদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২০ ঘ.
bdnews24