২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যার আসামি মন্ত্রীর এপিএসের জামিন

লোকমান হোসেন হত্যামামলায় জামিন পেয়েছেন মাসুদুর রহমান মুরাদ, তিনি টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সহকারী একান্ত সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

নরসিংদী, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোকমান হোসেন হত্যামামলায় জামিন পেয়েছেন মাসুদুর রহমান মুরাদ, তিনি টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সহকারী একান্ত সচিব। বৃহস্পতিবার নরসিংদীর জজ আদালত থেকে মুরাদ ছাড়াও মামলার আরো তিন আসামি জামিন পেয়েছেন। অন্য আসামিরা হলেন- নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আ. মতিন সরকার, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ও শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিঞা মোহাম্মদ মঞ্জুর ও মাসুদুর রহমান টিপ্পন। বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ ড. মো. শাহজাহান তাদের জামিনের আদেশ দেন বলে আসামি পক্ষের আইনজীবী নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসাদুজ্জামান জানিয়েছেন। ১ নভেম্বর দলীয় কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন নরসিংদীর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান। তার ছোট ভাই কামরুজ্জামান কামরুল ১৪ জনকে আসামি করে যে মামলাটি করেছেন, মুরাদ সেই মামলার নয় নম্বর আসামি। আর মঞ্জুর ১২ নম্বর এবং মতিন ২ নম্বর আসামি। মুরাদ ও মতিন গত রোববার এবং মঞ্জুর সোমবার আদালতে আত্মসমর্পণ করলে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ মামলার এক নম্বর আসামি হলেন মন্ত্রীর ছোটভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চু। মামলার এজাহারে টিপ্পনের নাম না থাকলেও সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। টিপ্পনকে গোপালগঞ্জের গোপীনাথপুর থেকে গত বছরের ১৩ ডিসেম্বর রাতে গ্রেপ্তারের পর কয়েক দফা হেফাজতে নেয় পুলিশ। লোকমান হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত সাত জনসহ ১৯ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া ও কাজী আলম আগেই জামিন পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯০২ ঘ.