সিরাজগঞ্জ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা মানববন্ধন শেষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে শত শত খামারি মানববন্ধন শেষে মন্ত্রীকে স্মারকলিপি দিলে মন্ত্রী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
খামারিরা বলেন, একদিকে মুরগির বাচ্চা, খাদ্য ও ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে সামান্য বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে হাজার হাজার খামারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় এ অঞ্চলে পোল্ট্রি শিল্প হুমকির মুখে পড়েছে।
খামারে সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ ও জরিমানা মওকুফসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।
খামারি শফিকুল ইসলাম শফি, হায়দার আলী, আব্দুল¬াহ আল মামুন, জিয়াউল হক, আব্দুল খালেক টুকু, জহুরুল ইসলাম, মনিরুল ইসলাম, জাকির হোসেন তালুকদার, ডা. আব্দুল মোমিন, আব্দুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে বিদ্যুৎ বিল বকেয়াসহ নানা অজুহাতে খামারিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় দুপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ক্ষোভ প্রকাশ করেন।
তিনি নিয়মানুযায়ী খামারে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪৫ ঘ.
bdnews24