বাগেরহাট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাটিবাহী একটি ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে এক স্কুলছাত্র। বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান রাস্তায় উল্টে গেলে নিহত হয় এর চালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, দৌলতপুর উপজেলায় ঘিওর-দৌলতপুর সড়কের চকমিরপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় নিহত হয় এক স্কুলছাত্র।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. সুজন মিয়া (১১) দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পাষান শেখের ছেলে। সে স্থানীয় নিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
এসআই মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুজন মিয়া শখের বসে বড় ভাইয়ের রিকশাভ্যান চালিয়ে দৌলতপুর বাজার থেকে বাড়ি ফিরছিলো।
“চকমিরপুর এলাকায় পৌঁছালে মাটিবাহী দ্রুতগতির একটি ট্রাক্টর ভ্যানটিকে চাপা দেওয়ার পরে মুমূর্ষ অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়,” বলেন তিনি।
ভ্যানে বসে থাকা সুজনের বড় ভাই আব্দুল আওয়াল ছিটকে রাস্তার পাশে পড়ে সামান্য আহত হন।
এসআই শফিক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বুধবার রাতে বাগেরহাট-মুণিগঞ্জ সড়কের মাজার মোড়ের কাছে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর চালক নিহত হয়েছে।
নিহত মিলন শেখ (২০) বাগেরহাট শহরের মুণিগঞ্জ এলাকার সোবাহান শেখের ছেলে।
বাগেরহাট মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা থেকে বাগেরহাট আসছিলো এলপি গ্যাসের সিলিন্ডারবাহী মিনি পিকআপটি।
“বাগেরহাট-মুণিগঞ্জ সড়কের মাজার মোড় এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গিয়ে ওই পিকআপের চালক মিলন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৮৪০ ঘ.
bdnews24