ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব এবং উপসচিব পর্যায়ের ৩৩ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে ২২ জন যুগ্ম-সচিব এবং ১১ জন উপসচিব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়।
ওএসডি যুগ্ম-সচিবদের মধ্যে তপন কুমার দাসকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের পরিচালক, দিলীপ কুমার শর্মাকে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অতিরিক্ত মহাপরিচালক, নজরুল ইসলামকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (আইডিবি) প্রকল্প পরিচালক, জেসমিন আক্তারকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সদস্য, ড. মনতোষ ধরকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) মহাপরিচালক, জাহাঙ্গীর আলমকে ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক এবং বিনয় ভূষণ তালকুদারকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সদস্য পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক পদে কর্মরত যুগ্ম-সচিব হযরত আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বেগম শামসুন্নাহারকে বিএমইটি’র অতিরিক্ত মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়।
স্পারসোর সদস্য আব্দুস সামাদকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব বিজন কুমার বৈশ্যকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব কাজী শফিকুল আযম ও ওএসডি যুগ্ম-সচিব নূরজাহান বেগমকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ওএসডি যুগ্ম-সচিব বিকাশ কিশোর দাস ও তহমিনা বেগমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ওএসডি যুগ্ম-সচিব ইব্রাহিম হোসেন খানকে ভূমি মন্ত্রণালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব সহিদুল্লাহ মিঞাকে অভ্যন্তরীন সম্পদ বিভাগের যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রিয়াজ আহমেদ, বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মহসিন, বিএফআইডিসি’র পরিচালক ইমদাদুল হক এবং সিএসডি খাদ্য গুদাম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল কাদিরকে ওএসডি করা হয়েছে।
ফ্যাশন ডিজাইন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক বেগম পরাগকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
উপসচিবদের মধ্যে ওএসডি আবু সালেহ মো. মামুনুর রহমান খলিলীকে নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ বেটার বিজনেস ফোরামে সংযুক্ত ইব্রাহিম খলিলকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সৈয়দ শাব্বির আহমেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব সফিকুল ইসলামকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং নিতাই পদ দাসকে সরকারি কর্মকমিশন সচিবালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব ইকবাল মাহমুদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আলফাজ হোসেনকে ওএসডি করে বিদ্যুৎ বিভাগের সাস্টেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট সেলে এবং জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের উপসচিব মিজানুর রহমান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব অঞ্জলী রানী চক্রবর্তীকে ওএসডি করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে দায়িত্ব পালনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ফখরুদ্দীন আহমেদকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ওএসডি উপসচিব সাইফুল্লাহ মকবুল মুর্শেদকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭২৫ ঘ.
bdnews24