ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে এক অটিস্টিক শিশুকে রাতে আটকে রেখে নির্যাতনের ঘটনায় চার জনকে তলব করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
ওই চার ব্যক্তি হলেন- মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন নম্বর শাখার অধ্যক্ষ ফরহাদ হোসেন, কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান, বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হেলালউদ্দিন ও আনোয়ার।
তাদের ১৯ জানুয়ারি আদালতে হাজির হয়ে ওই ঘটনায় তাদের ভূমিকা ব্যাখ্যা করতে হবে।
গত ৯ জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন আদালতের নজরে আনলে এই আদেশ হয়।
‘অটিস্টিক শিশুটির ওপর এই নির্মমতা!’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ৭ জানুয়ারি শেওড়াপাড়ায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন নম্বর শাখায় মাইনউদ্দিন শরীফ (১২) নামের অটিস্টিক শিশুটিকে রাতে স্কুলের মধ্যে আটকে রেখে নির্দয়ভাবে পিটিয়েছে নিরাপত্তাকর্মীরা।
মাইনউদ্দিন মিরপুর ১৪ নম্বরে প্রতিবন্ধী ফাউন্ডেশনের বিশেষায়িত স্কুলের শিক্ষার্থী। তার বাবা জসিমউদ্দিন আগারগাঁওয়ের তালতলায় আবহাওয়া অধিদপ্তরের কর্মচারী। তিনি সপরিবারে তালতলা কলোনির কোয়ার্টারে থাকেন।
প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, শরীফকে পরে পুলিশ উদ্ধার করলে তার বাবা মামলা করতে চাইলে পুলিশ মামলা না নিয়ে অভিযোগটি জিডি হিসাবে গ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬০৭ ঘ.
bdnews24