২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি আইনের খসড়া চূড়ান্ত

পানির যথেচ্ছ ব্যবহার রোধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং ক্ষতিপূরণের বিধান রেখে ‘বাংলাদেশ পানি আইন, ২০১২’-এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় পানিসম্পদ পরিষদের নির্বাহী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 07:24 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানির যথেচ্ছ ব্যবহার রোধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং ক্ষতিপূরণের বিধান রেখে ‘বাংলাদেশ পানি আইন, ২০১২’-এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় পানিসম্পদ পরিষদের নির্বাহী কমিটি। পাশাপাশি পানি সম্পর্কিত বিশেষ আদালত (ট্রাইব্যুনাল) গঠনের কথা বলা হয়েছে এ খসড়া আইনে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় পানিসম্পদ পরিষদের নির্বাহী কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিটির প্রধান পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এতে সভাপতিত্ব করেন। সভা শেষে রমেশ চন্দ্র সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগেও পানি আইনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছিলো। কিন্তু তা আরো সংশোধন ও সংক্ষিপ্ত করতে ফেরৎ পাঠানো হয়। মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী আইনের খসড়াটি সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি বলেন, মন্ত্রিসভার অনুমোদন পেলে আইনগত দিকগুলো খতিয়ে দেখতে আইন মন্ত্রণালয় থেকে মতামত (ভেটিং) নেওয়া হবে। এরপরই আইন পাসের জন্য জাতীয় সংসদে পাঠানো হবে। ১৯৯৯ সালে প্রণিত পানি-নীতি ১৩ বছরেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পানি-নীতি বাস্তবায়ন করতে ওই নীতির আলোকেই পানি আইন প্রণয়ন করা হচ্ছে। পানি আইনে যা রয়েছে খসড়া পানি আইনে বলা হয়েছে, পানির অপচয় ও অপব্যবহার রোধ করে সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে সরকার পানির ব্যবহার মূল্য নীতিমালা প্রণয়ন করবে। তবে গৃহস্থালি ও সাধারণ কৃষি কাজে ব্যবহারের পানির জন্য কোনো দাম দিতে হবে না। পানির চাহিদা ও সরবরাহের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে মূল্যনীতি প্রণয়ন করার ক্ষেত্রে। এ নীতিতে দরিদ্র এবং অনগ্রসর জনগোষ্ঠীর ব্যবহারের পানির মূল্য যুক্তিসঙ্গতভাবে কম রাখার কথা বলা হয়েছে। মৌলিক ব্যবহারের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম মূল্য এবং বাণিজ্যিক ও শিল্পখাতে ব্যবহারের জন্য বেশি মূল্য ধরা হবে। এক্ষেত্রে কোনো সরকারি বা বেসরকারি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত পানির সেবা মূল্য নিজ নিজ সংস্থা নির্ধারণ করবে। সেচ প্রকল্পে পানির কর বা সেবামূল্য বর্তমান আইন অনুযায়ী আদায় করা হবে। পানির মূল্য সম্পর্কে পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) সাবেক মহাপরিচালক মো. শাহজাহান বলেন, পানি ব্যবহারের কোনো আইন না থাকায় ইচ্ছেমতো পানি ব্যবহার হচ্ছে। প্রচুর পানির অপচয় হচ্ছে। পানির ওপর সরকারের নিয়ন্ত্রণ রাখতে খসড়া আইনে পানির মূল্য নির্ধারণ করার বিষয়টি রাখা হয়েছে। তবে মৌলিক ব্যবহারের ক্ষেত্রে এ মূল্য প্রযোজ্য হবে না। পানি দূষণ রোধে আদালত নতুন আইনে পানি দূষণ রোধ এবং জলাধার, নদ-নদী ও খাল ভরাট করে পানির উৎস সঙ্কুচিত করা ঠেকাতে পানি সম্পর্কিত বিশেষ আদালত (ট্রাইব্যুনাল) করার কথা বলা হয়েছে। আদালতই পানির অপচয় ও অপব্যবহারের ক্ষতি নির্ধারণ এবং ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করবে। খসড়া পানি আইন অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নলকূপ ব্যবহার করে ভূ-গর্ভস্থ পানি সরবরাহ, আইন লংঘন করে পানিসম্পদের ক্ষতি, পানি বা পানির অধিকার অননুমোদিত বিক্রি করাসহ বেআইনিভাবে ও ইচ্ছাকৃত পানির কার্যক্রমে অন্যায় হস্তক্ষেপ এবং পানি সংক্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য দেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। আইন ভাঙার শাস্তি বা দণ্ড পানি আইন লংঘনের ক্ষেত্রে অপরাধের গুরুত্ব অনুসারে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা ৫০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে অনুমোদিত আইনের খসড়ায়। বিশেষ ক্ষমতা ‘কোড অব ক্রিমিনাল প্রোসিডিউর, ১৮৯৮’-এ ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, একজন প্রথম শ্রেণীর বিচারিক হাকিম বা মহানগর হাকিম (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) এ আইনে কোনো ব্যক্তির ওপর অর্থদণ্ড আরোপ করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৩১৯ ঘ.