২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রক্টরের অপসারণ দাবি জাবি শিক্ষকদের

শিক্ষক সমিতির সভাপতি লাঞ্ছিত হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়ার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের পাশাপাশি সরব হয়েছে শিক্ষকরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 06:40 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক সমিতির সভাপতি লাঞ্ছিত হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়ার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের পাশাপাশি সরব হয়েছে শিক্ষকরাও। ছাত্রলীগের হামলায় এক শিক্ষার্থী নিহত হওয়ার পর উত্তপ্ত ক্যাম্পাসে বৃহস্পতিবার বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষকদের অভিযোগ, সভার এক পর্যায়ে সমিতির সভাপতি অধ্যাপক এম এ মামুনের দিকে তেড়ে যান প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক আরজু মিয়া, মামুনের শার্টের কলারও ধরেন তিনি। সকালে শিক্ষকদের সাধারণ সভার এই ঘটনার পর দুপুরে এক সংবাদ সম্মেলনে আট দফা দাবি জানায় ‘সচেতন শিক্ষক সমাজ’ ব্যানারে শিক্ষকদের বড় একটি অংশ। শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে- প্রক্টর অধ্যাপক আরজু মিয়াকে অপসারণ ও শাস্তি, ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে ব্যর্থ প্রক্টরিয়াল বডির অপসারণ, জুবায়ের হত্যার বিচারে গঠিত তদন্ত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠন করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন প্রকাশ, ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকদের অবাধ রাজনৈতিক ও সাংস্কৃতিক অভিব্যক্তি নিশ্চিত। দুপুর ২টায় সমাজ বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ছিলেন অধ্যাপক নাসিম আক্তার হোসাইন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সামসুল ইসলাম সেলিম, মোজাম্মেল হক, হারুন-অর রশিদ, মানস চৌধুরী, রায়হান রাইন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির অপসারণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা সব ক্লাস ও পেশাগত নিয়মিত কাজ থেকে বিরত থাকবে। শিক্ষকরা জানায়, আগামী ১৪ জানুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে গণসমাবেশ করবে। দাবি পূরণ না হলে উপাচায শরীফ এনামুল কবীরের অপসারণের দাবিতেও আন্দোলন শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ‘উপাচার্য মদদপুষ্ট বলে পরিচিত ছাত্রলীগকর্মীদের হামলায় গুরুতর আহত হন ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন তার মৃত্যু হয়। জুবায়ের হত্যার ঘটনায় জন্য প্রক্টর অধ্যাপক আরজু মিয়াসহ প্রক্টরিয়াল বডির অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। অধ্যাপক মামুনের লাঞ্ছনার ঘটনার বর্ণনা নিয়ে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভা মুলতবি হওয়ার পর শিক্ষকরা মিলনায়তন থেকে বেরিয়ে আসছিলেন, তখন শুরু হয় ধাক্কাধাক্কি। এ সময় প্রক্টর আরজু মিয়া সমিতির সভাপতির দিকে তেড়ে যান। দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধাক্কাধাক্কির এক পর্যায়ে প্রক্টর এগিয়ে এসে সমিতির সভাপতির কলার ধরে টান দেন এবং তাকে লাঞ্ছিত করেন।” তবে উপাচার্যের সমর্থক বলে পরিচিত শিক্ষক ও সমিতির সহ-সভাপতি আবুল খায়ের বলেন, “শিক্ষক সমিতির সভাপতিকে লাঞ্ছিত করা হয়েছে, এ অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। বর্তমান প্রশাসনের সময় ক্যম্পাস সেশন জটমুক্ত হয়েছে, এজন্য ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ক্যাম্পাস অস্থিতিশীল করার চক্রান্ত করছে।” শিক্ষক সমিতির সভাপতির লাঞ্ছিত হওয়ার ঘটনা সম্পর্কে উপাচার্য সাংবাদিকদের বলেন, “আমি শিক্ষক সমিতির বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে যা হচ্ছে, তা খুব দুঃখজনক। এ বিষয়ে আমি আগে পুরোটা জেনে নিয়ে তারপর বলবো।” শিক্ষার্থী ও শিক্ষকদের চলমান আন্দোলনে ক্লাস-পরীক্ষা স্থগিত হয়ে আছে কি না জানতে চাইলে উপাচার্য বলেন, “ক্লাস ও পরীক্ষাসমূহ স্বাভাবিকভাবেই চলছে।” জুবায়েরের মৃত্যুর পর তিন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনায় জড়িত সন্দেহে তাদের এক জনকে আটকও করেছে পুলিশ। তবে প্রশাসনের উদাসীনতায় এ ঘটনা ঘটেছে দাবি করে চার দফা দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/কিউএইচ/এমআই/১৮০০ ঘ.