ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাহিত্যক- সাংবাদিক ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা রণেশ দাশ গুপ্তের জন্ম শতবর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
আগামী ১৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা মঞ্চে ‘রণেশ দাশ গুপ্ত আবৃত্তি উৎসব’র মধ্য দিয়ে এই অনুষ্ঠানমালার উদ্বোধন হবে।
বুধবার তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় সংসদের কার্যালয়ে সংবাদ সম্মেলন একথা জানানো হয়।
বাঙালি সস্কৃতি ও শ্রমজীবী মানুষের কথা তুলে ধরার লক্ষ্যে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আত্মপ্রকাশ করে। এ সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ছিলেন রণেশ দাশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রণেশ দাশ গুপ্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক এবং উদীচীর সহ-সভাপতি বদিউর রহমান।
তিনি বলেন, “১৩ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় দুই দিনব্যাপী এই আবৃত্তি উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। উৎসবে দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী ও বিভিন্ন আবৃত্তি সংগঠনের পরিবেশনা ছাড়াও থাকবে কলকাতার আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীদের আবৃত্তি ও শ্র“তি নাটক পরিবেশনা।”
তিনি জানান, ১৫ জানুয়ারি ‘রণেশ দাশ গুপ্ত জন্মশতবর্ষের অনুষ্ঠান’ হবে। এদিন রণেশ দাশ গুপ্তের লেখা পুনর্মুদ্রিত গ্রন্থ ‘আলো দিয়ে আলো জ্বালা’, ‘উপন্যাসের শিল্পরূপ’, ‘মুক্তিধারা’, ‘অগ্রন্থিত রণেশ দাশ গুপ্ত’ ও রণেশ দাশ গুপ্তের জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
১৯১২ সালের ১৫ জানুয়ারি আসামের ডিব্র“গড়ে জন্ম নেন রণেশ দাশ গুপ্ত। তার মৃত্যু হয় ১৯৯৭ সালের ৪ নভেম্বর। তার অন্য রচনাগুলোর মধ্যে ‘শিল্পীর স্বাধীনতা প্রশ্নে’, ‘রহমানের মা ও অন্যান্য’ ও ‘সাম্যবাদী উত্থান প্রত্যাশা’ উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সঙ্গীতা ইমাম, সাধারণ সম্পাদক হাবিবুল আলম ও সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/২০২৪ ঘ.
bdnews24