২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবছরই শীর্ষ ৭/৮ যুদ্ধাপরাধীর বিচার: কামরুল

সরকার ২০১২ সালের মধ্যে শীর্ষস্থানীয় অন্তত সাত/আটজন যুদ্ধাপরাধীর বিচার শেষ করতে চায় বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

বগুড়া, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ২০১২ সালের মধ্যে শীর্ষস্থানীয় অন্তত সাত/আটজন যুদ্ধাপরাধীর বিচার শেষ করতে চায় বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার বগুড়া মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী বলেন, কোনো দলের নয়, যারা ৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী কাজ করেছে তাদেরই বিচার করবে সরকার। “আমরা স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের বিচার করতে যাচ্ছি। হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িতদেরই বিচার করা হচ্ছে।” বিচারে স্বচ্ছতার কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের আপিলের সুযোগও রয়েছে। আইন সচিব আশীষ রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সংসদ সদস্য আব্দল মান্নান, জেলা পরিষদ প্রশাসক মকবুল হোসেন, বগুড়া জেলা ও দায়রা জজ মো. মফিজুল ইসলাম ও মুখ্য বিচার বিভাগীয় হাকিম জালাল উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের ১২তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও প্রথমে ১০ তলা ভবন নির্মাণ করা হবে। দেশের ৩৪টি জেলায় মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত ভবন নির্মাণ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৫৫ ঘ.