ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহেশখালীতে দেওয়ানী আদালত প্রতিষ্ঠার একটি আবেদন নিষ্পত্তি করতে আইন সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
২০১০ সালের ০৮ এপ্রিল মহেশখালী ফৌজদারি আদালতের আইনজীবী ফারুক ইকবাল ওই এলাকায় একটি দেওয়ানী আদালত প্রতিষ্ঠার জন্য আইন সচিব বরাবর আবেদন করেন।
পরে ওই আইনজীবীর দায়ের করা এক রিটে একই বছরের ১৮ মে হাইকোর্ট রুল জারি করে।
কেন ওই দ্বীপে একটি দেওয়ানী আদালত এবং একটি প্রথম শ্রেণীর ফৌজদারি আদালত প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হবে না; তা জানতে চাওয়া হয় রুলে।
আবেদনকারীর আইনজীবী শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই রুলের আগে ওই এলাকায় একটি দ্বিতীয় শ্রেণীর ফৌজদারি আদালত ছিলো। তবে রুলের পর সেখানে প্রথম শ্রেণীর আদালত প্রতিষ্ঠা করা হয়।
“আজ রুলের চূড়ান্ত শুনানি শেষে দেওয়ানী আদালত প্রতিষ্ঠায় আইন সচিব বরাবর রিটকারীর একটি আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে আদালত।”
তবে আদালত এর কোনো সময়সীমা উল্লেখ করেনি বলে জানান শহিদুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৯৪৬ ঘ.
bdnews24