ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পাঁচ সেনা কর্মকর্তাসহ ১০ পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এসব আদেশ দেয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হককে শিল্প মন্ত্রণালয়ে এবং জাতীয় সংসদের উপসচিব পদে বদলির আদেশাধীন আবদুল মান্নান ইলিয়াসকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জ্যেষ্ঠ সহকারী সচিবদের মধ্যে পরিকল্পনা বিভাগের আবুল কালাম আজাদকে শিল্প মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সামিয়া হালিমকে তথ্য মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আছমা আক্তার জাহানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
সেনা কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ প্রেষণে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল ইসলাম এবং মেজর ফিদা নূর। লেফটেন্যান্ট কর্নেল খায়রুল কাদিরকে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
জরিপ অধিদপ্তরের সহকারী সার্ভে সুপার পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা মেজর সুজাউদ্দীন পাঠান শিবলীকে তার মূল কর্মস্থলে ফেরত পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের উপ-সহকারী প্রকৌশলী (হাইড্রো) পদে কর্মরত নৌ বাহিনীর কর্মকর্তা এমএইচ ভূঁইয়াকেও সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে মূল কর্মস্থলে পদায়নের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯৪৭ ঘ.
bdnews24