দিনাজপুর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের কুড়িয়ে পাওয়া একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে পার্বতীপুর উপজেলার শহীদ মাহবুবুর রহমান ক্যান্টনম্যান্ট সংলগ্ন মাঠে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল (১৫) উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চকমুশা গ্রামের শাহজাহানের ছেলে।
পার্বতীপুর থানার ওসি (তদন্ত) সুমন দাশ গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুড়িয়ে পাওয়া হ্যান্ড গ্রেনেডটি নাড়াচাড়া করার সময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে শাকিলের দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গ্রেনেডটি কিভাবে কোথায় পেয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24