২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া-জামালপুর সীমানা চূড়ান্ত করার নির্দেশ

বগুড়া ও জামালপুর জেলার সীমানার কিছু অংশ চূড়ান্ত করার পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া ও জামালপুর জেলার সীমানার কিছু অংশ চূড়ান্ত করার পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেয়। ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে বিভাগের মহাপরিচালক এবং পরিচালককে (সার্ভে) তিন মাসের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করে পরবর্তী ১৫ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিকান্দি সীমান্তে অবস্থিত ২৪ মৌজা কোন এলাকায় পড়েছে- এ নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের নিষ্পত্তি চেয়ে ২০০২ সালে মাদারগঞ্জের কালিজুরি ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান শিবলুল বারী রাজু, জুরখালি ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক জাবলসহ ৬ জন হাইকোর্টে একটি রিট করেন। পরের বছর এই রিটে হাইকোর্ট রুল দিয়েছিলো। রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার আদালত এ আদেশ দিল। আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মোহাম্মদ শহিদুল ইসলাম শামীম। শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই বিষয়ে ২০০৫ সালে সারিয়াকান্দির বাসিন্দা কাজী মাহবুবুর রহমানসহ কয়েকজন হাইকোর্টে আরেকটি রিট করেছিল। বিষয় একই হওয়ায় সেই রিটটিও একইসঙ্গে নিষ্পত্তি করে দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/২০০৮ ঘ.