ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনায় জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ ‘সঠিক’ হয়নি বলে মন্তব্য করেছেন আসামির আইনজীবী আব্দুর রাজ্জাক।
বুধবার সকালে অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, “একজন মানুষ যতক্ষণ পর্যন্ত দোষী প্রমাণ না হয়, ততক্ষণ সে আর দশজনের মতোই নির্দোষ।”
গোলাম আযমের জামিনের জন্য আবারো আবেদন করা হবে বলেও উল্লেখ করেন রাজ্জাক।
বুধবার সকাল ১০টার পর কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হন গোলাম আযম। তাকে ভেতরে নেওয়া হয় হুইল চেয়ারে বসিয়ে।
শুনানির শুরুতেই আব্দুর রাজ্জাক বলেন, অধ্যাপক গোলাম আযামের বয়স প্রায় ৯০ বছর। তার স্বাস্থ্যের অবস্থাও বিশেষ ভালো নয়। এর আগে একই অভিযোগের মামলায় ট্রাইব্যুনাল বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমকেও জামিন দিয়েছে। সুতরাং গোলাম আযমও তা পেতে পারেন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন খারিজ করে গোলাম আযমকে কারাগারে পাঠাতে বলেন। আব্দুর রাজ্জাক কারাগারে তার মক্কেলের জন্য ডিভিশন চাইলে তাও খারিজ হয়ে যায়। এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করার পরামর্শ দেয় ট্রাইব্যুনাল।
বেলা ১২টার দিকে একটি প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় জামায়াতের এই সাবেক আমীরকে। সে সময় আইনজীবীরা একটি স্যুটকেসও তার সঙ্গে দিয়ে দেন।
কেন্দ্রীয় কারাগারের সামনে গোলাম আজমের ছেলে আবদুল্লাহ হিল আমান আজমী সাংবাদিকদের বলেন, “এটা একটি রাজনৈতিক ইস্যু। আমি রাজনীতি করি না। আমি বাংলাদেশের শিক্ষা নিয়ে কাজ করতে চাই।”
তার বাবা সুস্থ আছেন কি না জানতে চাইলে আমান আজমী বলেন, “৮৯ বছর বয়সে একটা মানুষ কতটুকু সুস্থ থাকতে পারে তা আপনারাই জানেন।”
গ্রেপ্তারের ঘটনাটি আঁচ করতে পেরেছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভেবেছিলাম বয়সের কারণে অন্যকিছু হতে পারে। যা বলার আইনজীবীরাই বলবেন।”
গত ১২ ডিসেম্বর প্রথম দফায় ৫২ দফা অভিযোগ উত্থাপন করে গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের নির্দেশে তা পুনর্বিন্যস্ত করে ৫ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়।
তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/কেটি/জেকে/১৩৪০ ঘ.
bdnews24