২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিকারুননিসা: জামিন নিলেন লুৎফরও

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্কুলটির বসুন্ধরা শাখার সাবেক প্রধান লুৎফর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 06:53 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্কুলটির বসুন্ধরা শাখার সাবেক প্রধান লুৎফর রহমান। বুধবার সকালে তিনি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক মো. আরিফুর রহমান তা মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম আত্মসমর্পণ করে জামিন নেন। পুলিশ এজাহারভুক্ত এ দুই আসামির নাম মামলার তদন্ত প্রতিবেদন থেকে বাদ দিলেও তাদের অন্তর্ভুক্ত করে মূল আসামি পরিমল জয়ধরসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন বিচারক। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষক পরিমল জয়ধর বর্তমানে কারাগারে রয়েছেন। লুৎফরের আইনজীবী গাজী শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে আত্মসমর্পণের পর ১০ হাজার টাকা মুচলেকায় আদালত আমার মক্কেলের জামিন মঞ্জুর করেছেন।” গত বছর জুন মাসে একটি কোচিং সেন্টারে ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর বাবা। এরপর ৬ জুলাই পরিমলকে গ্রেপ্তার করে পুলিশ। পরিমলকে রক্ষার চেষ্টা করেছেন- এই অভিযোগ ওঠায় ছাত্রীদের বিক্ষোভের মুখে অধ্যক্ষের পদ থেকে সরে যেতে হয় হোসনে আরাকে। বরখাস্ত হন লুৎফর। গত বছরের ২৮ নভেম্বর হোসনে আরা এবং লুৎফর রহমানকে বাদ দিয়ে শুধু পরিমল জয়ধরকে অন্তর্ভুক্ত করে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। বাদীর নারাজি আবেদনে আদালত পুনঃতদন্তের নির্দেশ দিলেও আগের মতোই ওই দুই জনের নাম বাদ দিয়ে প্রতিবেদন দেওয়া হয়। কিন্তু আদালত সোমবার তিনজনকেই আসামির তালিকায় অন্তর্ভুক্ত করে অভিযোগ আমলে নেন এবং হোসনে আরা ও লুৎফরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। রমনা ও বাড্ডা থানা পুলিশকে ৯ ফেব্র“য়ারি আদালতে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১২৫৪ ঘ.