২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানাউল্লাহ হত্যা: আসামিপক্ষের আইনজীবী জেলা পরিষদ প্রশাসক

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলায় চার আসামির পক্ষে আইনজীবী হলেন জেলা পরিষদ প্রশাসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 06:01 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

নাটোর. জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলায় চার আসামির পক্ষে আইনজীবী হলেন জেলা পরিষদ প্রশাসক। মঙ্গলবার এ চার আসামির জামিন আবেদন নাকচ করেন নাটোর দায়রা জজ আদালত। এই মামলার ২৭ আসামির মধ্যে কেএম জামিল হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবলু, হাশেম ও সেলিম হোসেনের পক্ষে জামিন আবেদন করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও ব্যারিস্টার সিহাব উল আরেফিন টুটুল। ২০১১ সালে ৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরশহরে সানাউল্লাহ নূর বাবুকে দুর্বৃত্তরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী মহুয়া নূর কচি বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কে এম জাকির হোসেনসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় হাইকোর্টের দেওয়া অস্থায়ী জামিন শেষে গত ২০ নভেম্বর আসামিরা আবার জামিন চাইলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠায়। জেলা পরিষদের প্রশাসকের পদে থেকে মামলা পরিচালনা করা যায় কি না জানতে চাইলে অ্যাডভোকেট সাজেদুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবু হত্যা মামলায় আমি আসামিপক্ষে বক্তব্য রেখে কোনো অন্যায় করিনি। কারণ বাংলাদেশ বার কাউন্সিল অ্যাক্টে প্রশাসকের পাশাপাশি আইন পেশা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।” নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আসাদুল ইসলাম বলেন, “জেলা পরিষদের প্রশাসক সরকারের বেতনভুক্ত কর্মকর্তা নন। তাকে সরকার সম্মানী দেয়। সম্মানী নিলে পাশাপাশি আইন পেশায় নিয়োজিত থাকাতে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাক্টে বাধা নেই।” ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলআর ম্যানুয়াল অনুযায়ী একজন সরকারি আইনজীবীর সম্মানী ভাতার কথা বলা হয়েছে। তিনি বলেন, জেলা পরিষদ প্রশাসক সরকারে বেতন না পেলেও সম্মানী ভাতা পান। সেক্ষেত্রে সরকারে বিরুদ্ধে কোনো মামলা করা তার উচিৎ নয়। “নৈতিকভাবে তিনি আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে পারেন না,” যোগ করেন তিনি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আহম্মদ আলী মামলাটির তদন্ত করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৫২ ঘ.