ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ২৬ বছর পর পাঠকরা এক মলাটে হেলাল হাফিজের কবিতা পড়ার সুযোগ পাচ্ছেন আবার।
২০১২ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন কবিতার বই ‘কবিতা একাত্তর’।
বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় প্রকাশিত কবিতা এবং ১৫টি নতুন কবিতাসহ বইয়ে মোট কবিতা থাকছে ৫৯টি। বাংলার পাশাপাশি প্রতিটি কবিতার ইংরেজি অনুবাদও থাকছে। এগুলো অনুবাদ করেছেন যুবক অনার্য।
‘যে জলে আগুন জ্বলে’ নামে তার প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে। পরবর্তীতে এই গ্রন্থটির ১২টি সংস্করণ প্রকাশিত হলেও দীর্ঘদিন গ্রন্থ প্রকাশ থেকে দূরে ছিলেন কবি।
১৯৪৮ সালের ৭ই অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন হেলাল হাফিজ। পড়াশোনা করেন নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায়ই তিনি দৈনিক পূর্বদেশে সার্বক্ষণিক সাংবাদিক হিসেবে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২০২৯ ঘ.
bdnews24