২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর জামিন পেলেন হোসনে আরা

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাবেক অধ্যক্ষ হোসনে আরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 06:09 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাবেক অধ্যক্ষ হোসনে আরা। মঙ্গলবার সকালে তিনি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মো. আরিফুর রহমান তা মঞ্জুর করেন। একই আদালত সোমবার হোসনে আরা এবং ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার তৎকালীন প্রধান লুৎফর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। পুলিশ এজাহারভুক্ত এ দুই আসামির নাম মামলার তদন্ত প্রতিবেদন থেকে বাদ দিলেও তাদের অন্তর্ভুক্ত করে মূল আসামি পরিমল জয়ধরসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন বিচারক। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষক পরিমল জয়ধর বর্তমানে কারাগারে রয়েছেন। হোসনে আরার আইনজীবী কাজী নজিবুল্লা হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মক্কেলের বিরুদ্ধে আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে। এটা ঠিক নয়। আর ঘটনাটা স্কুলে ঘটেনি, হয়েছে একটি কোচিং সেন্টারে। কাজেই হোসনে আরা আসামিকে সাহায্য করেছেন- এমন অভিযোগেরও কোনো ভিত্তি নেই।” আদালত ১০ হাজার টাকা মুচলেকায় হোসনে আরার জামিন মঞ্জুর করেছেন বলে আইনজীবী জানান। গত বছর জুন মাসে একটি কোচিং সেন্টারে ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর বাবা। এরপর ৬ জুলাই পরিমলকে গ্রেপ্তার করে পুলিশ। পরিমলকে রক্ষার চেষ্টা করেছেন- এই অভিযোগ ওঠায় ছাত্রীদের বিক্ষোভের মুখে অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয় হোসনে আরাকে। বরখাস্ত হন লুৎফর। গত বছরের ২৮ নভেম্বর হোসনে আরা এবং লুৎফর রহমানকে বাদ দিয়ে শুধু পরিমল জয়ধরকে অন্তর্ভুক্ত করে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। বাদীর নারাজি আবেদনে আদালত পুনঃতদন্তের নির্দেশ দিলেও আগের মতোই ওই দুই জনের নাম বাদ দিয়ে প্রতিবেদন দেওয়া হয়। কিন্তু আদালত সোমবার তিনজনকেই আসামির তালিকায় অন্তর্ভুক্ত করে অভিযোগ আমলে নেন এবং হোসনে আরা ও লুৎফরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। রমনা ও বাড্ডা থানা পুলিশকে ৯ ফেব্র“য়ারি আদালতে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১২০২ ঘ.