ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা থেকে কারাদণ্ডপ্রাপ্ত এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি ছদ্মবেশে গত পাঁচ বছর ধরে দলের কার্যক্রম চালিয়ে আসছিলেন।
মো. এমদাদুল হক উজ্জ্বল (৪০) নামের এই জেএমবি সদস্য ময়মনসিংহের মুক্তাগাছায় ব্র্যাক অফিসে ডাকাতি মামলারও পলাতক আসামি।
উত্তরা মডেল থানা পুলিশ সোমবার রাত সাড়ে ১০টায় উত্তরার পেশেন্ট কেয়ার হাসপাতালের সামনে থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে মিন্টু রোডে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
উত্তরা মডেল থানার উপ পরিদর্শক আবু মিয়া বলেন, জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন এই উজ্জ্বল। জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ২০০৬ সালের জুনে তাকে গ্রেপ্তার করা হলেও ২০০৭ সালের জানুয়ারিতে জামিনে বের হয়ে পালিয়ে যান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৭ সালে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় উজ্জ্বলের চার বছরের কারাদণ্ড হয়। এছাড়া ২০০৩ সালে একই থানার একটি ডাকাতি মামলারও অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।
পুলিশ বলছে, সাজা নিয়ে কখনো কাপড়ের দোকানের কর্মচারী, কখনো হকার বা রিক্সা চালকের ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন উজ্জ্বল। এভাবে সংগঠনের কার্যক্রমও চালিয়ে আসছিলেন তিনি। সোমবার উত্তরায় সঙ্গীদের নিয়ে এক গোপন বৈঠকে মিলিত হওয়ারআগে আগে তাকে গ্রেপ্তার করা হয়।
উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি জেএমবির একজন কর্মী। সংগঠনের শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানের ফাঁসির আগে তার সঙ্গে একবার দেখা হয়েছিল উজ্জ্বলের।
জেএমবির হয়ে কাজ করতে ‘ভালো লাগে’ বলেও উল্লেখ করেন তিনি।
গ্রেপ্তারের সময় তার কাঁধে থাকা ব্যাগে জঙ্গিবাদের বই, জেএমবির বিভিন্ন তথ্য সম্বলিত একটি খাতা ও বিভিন্ন কাগজপত্র পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/জেকে/১৪০৮ ঘ.
bdnews24