চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামিদের হাজির করতে না পারায় সোমবার ১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ না নিয়ে আগামী ২৪ জানুয়ারি এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন চট্টগ্রাম বিশেষ ট্রাইবুন্যাল-১ এর বিচারক এসএম মুজিবুর রহমান।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মাহনগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধাপরাধসহ অন্যান্য মামলায় হাজিরা থাকায় আসামিদের হাজির করা সম্ভব হয়নি। কারণ উল্লেখ করে সাক্ষ্যগহণ না করতে আদালত আবেদন জানাই।”
মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি শুরুর দিন ধার্য করেছে।
কামাল উদ্দিন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা থাকায় নিজামীকে চট্টগ্রামে আনা সম্ভব হয়নি। এছাড়া ঢাকায় অন্য মামলায় হাজিরা থাকায় ঢাকায় থাকা মোট পাঁচ জন আসামিকে চট্টগ্রামে আনা সম্ভব হয়নি।
নিজামীসহ মোট চার জনের মঙ্গলবার ঢাকায় ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় হাজির করার দিন ধার্য রয়েছে। সেকারণে তাদেরও আদালতে আনা হয়নি।
১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার মোট ১১ আসামির মধ্যে পাঁচ জন ঢাকায় কারাগারে আছেন।
এদের মধ্যে যে চারজন ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার আসামি তারা হলেন- মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক প্রধান আবদুর রহিম ও রেজ্জাকুল হায়দার চৌধুরী। অন্য জন এনএসআইর সাবেক উইং কমাণ্ডার শাহাবুদ্দিন আহমেদ।
সোমবার মামলার সাক্ষ্যগ্রহণের পূর্ব নির্ধারিত দিনে আদালতে পিপি কামাল উদ্দিন বলেন, মামলার নির্ধারিত সাক্ষীরা আদালতে হাজির হলেও আসামিরা আসতে পারেনি। আসামিদের অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা হবে ন্যায় বিচারের পরিপন্থী।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। ওই বছর ২৫ অগাস্ট এ মামলা দুটিতে অভিযোগপত্র দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা।
তবে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এর তদন্ত ঠিকভাবে না হওয়ার অভিযোগ ওঠে। কয়েকবার তদন্ত কর্মকর্তা বদলের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী গত ২৬ জুন সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন।
অস্ত্র ও চোরাচালান আইনে করা দুটি মামলায় মোট ৫২ জনকে আসামি করা হয় সম্পূরক অভিযোগপত্রে। এরমধ্যে মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও রয়েছেন।
সম্পূরক অভিযোগপত্রভুক্ত নতুন আসামিরা হলেন- এনএসআইয়ের সাবেক প্রধান আবদুর রহিম ও রেজ্জাকুল হায়দার চৌধুরী, তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সাবেক পরিচালক শাহাবুদ্দিন আহমেদ, সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, সাবেক জিএম (প্রশাসন) কে এম এনামুল হক, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফা নেতা পরেশ বড়–য়া।
এদের মধ্যে শেষ দুজন পলাতক রয়েছেন।
১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে যে চারজন চট্টগ্রাম কারাগারে আছেন এরা হলেন- এনএসআই’র সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, সাবেক জিএম (প্রশাসন) কে এম এনামুল হক।
গত ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ২৯ নভেম্বর সাক্ষ্য গ্রহণ শুরুর দিনে তিন জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৯৩০ ঘ.
bdnews24