নওগাঁ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইলে বাসচাপায় নিহত সাংবাদিক দীনেশ দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে নওগাঁয় তার নিজ গ্রামে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁর রানীনগর উপজেলার বানিয়াপাড়া গ্রামের শ্মশানে মুখাগ্নির পরে তাকে সমাহিত করা হয়।
এ সময় দীনেশ দাসের স্ত্রী পলি রাণী সরকার ও তাদের নয় বছরের মেয়ে অথৈসহ স্বজনদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা ওহিদুর রহমান, রানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শহীদুল্লাহ, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম ও দীনেশের আত্মীয়-স্বজনরা এসময় উপস্থিত ছিলেন।
রোববার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর কাকরাইল চার্চের সামনের রাস্তায় বাসচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন দৈনিক আমাদের সময়ের সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক দীনেশ দাস। মেয়েকে স্কুলে দিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি।
দুর্ঘটনার পরপরই পুলিশ বাসের চালক বাদশাসহ দুইজনকে গ্রেপ্তার করে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এই ঘটনায় ক্ষুব্ধ সংবাদ কর্মীরা জাতীয় প্রেসক্লাব ও ঈদগাহের সামনে অবস্থান নিলে হাইকোর্ট থেকে পল্টন পর্যন্ত সড়কে প্রায় ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এই সময়ে সাংবাদিকরা বিক্ষোভ দেখায় এবং বেশ কয়েকটি গাড়ি ও ফুটপাতের বাস কাউন্টার ভাংচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪০৩ ঘ.
bdnews24