২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনা: আরেকজনের মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরো এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরো এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক (৩৫)। এ নিয়ে এ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হল। দুর্ঘটনার দিন নিহত হন চারজন। এরা হলেন রূপগঞ্জ ছাত্রলীগ নেতা রাসেল (৩২), যুবলীগ নেতা জব্বার (৪৫) ও শাহ আলম (৩৫) এবং তোফাজ্জল হোসেন (৪৫)। রূপগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী একটি মাইক্রোবাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। গাড়িটি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নীমতলা এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। শ্রীনগর উপজেলার ষোলঘর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরেকজনের। দুর্ঘটনায় আহতদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন হাফিজউদ্দিন ভূঁইয়া সাবু (৪৫), মো. মাওলা (৩৫), মো. সুলতান (৪০), মোমেন মিয়া (২৮) ও ছমিরউদ্দিন (৪৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪০ ঘ.