ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী এলাকা থেকে চুরি যাওয়া দুটি প্রাইভেট কারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নূরে আলম ওরফে হাবু (২২) ও আবু সিদ্দিক (২৫)। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে মিণ্টুরোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়।
“জিজ্ঞাসাবাদে তারা বলেছে, জি করোলা ও এফ প্রিমিও মডেলের দুটি চুরি করা গাড়ি নিয়ে তারা পল্লবী এলাকায় ছিনতাই চালিয়ে আসছিল। গাড়ির ভেতর থেকে দুটি রিভালবার, ১৫ রাউন্ড গুলি ও তিনটি চাপাতিও পাওয়া গেছে।”
মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা তাদের দলনেতা হিসেবে আরো একজনের নাম বলেছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নূরে আলম ও আবু সিদ্দিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৪৪৪ ঘ.
bdnews24