ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর থেকে সেনানিবাসের ওপর দিয়ে এয়ারপোর্ট রোড পর্যন্ত ফ্লাইওভার এবং বনানী রেলক্রসিংয়ে ওভারপাস ২০১৩ সালের মার্চ মাসের মধ্যে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
কাজ শেষ হলে মিরপুর হতে এয়ারপোর্ট রোডে আসতে মাত্র ১৫ মিনিট সময় লাগবে এবং মহানগরীর যানজটও কমে আসবে বলে আশা প্রকাশ করেন যোগাযোগ মন্ত্রী।
যোগাযোগমন্ত্রী শুক্রবার ফ্লাইওভার এবং ওভারপাস নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, “মহানগরীর অধিকাংশ সড়ক শহরের উত্তর ও দক্ষিণ অংশকে সংযুক্ত করেছে। এ ফ্লাইওভার শহরের পূর্ব অংশের সঙ্গে পশ্চিম অংশের সংযোগ তৈরি করবে।”
রাজধানীতে ২৬ কিলোমিটার দীর্ঘ উত্তরা-যাত্রাবাড়ী উড়ালসড়ক, কুড়িল ফ্লাইওভার, গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মিত হলে মহানগরীর যানজট অনেকাংশে কমে যাবে বলে উল্লেখ যোগাযোগমন্ত্রী।
যোগাযোগমন্ত্রী এয়ারপোর্ট রোড সলগ্ন জিয়া কলোনী মোড়, মিরপুরের মাটিকাটা, হোটেল রেডিসন সংলগ্ন র্যাম্প এবং স্টাফ রোড এলাকায় নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এর আগে সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের কার্যালয়ে ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন প্রকল্প কর্মকর্তারা।
ইতোমধ্যে ফ্লাইওভারের ৪১৯টি পাইলের সবকটি, ৫২টি পাইল ক্যাপের ৪১টি, ৫০টি পিয়ারের ১৭টি এবং ২১৬টি গার্ডারের ৩টির কাজ শেষ হয়েছে। এছাড়া ওভারপাসের ৪০৫টি পাইলের সবকটি, ৫০টি পাইল ক্যাপের ৪১টি, ৪৮টি পিয়ারের ২৫টি এবং ২৪১টি গার্ডারের ১২টির কাজ শেষ হয়েছে বলে প্রকল্প কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮১২ ঘ.
bdnews24