ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে আরেকটি ট্রাইব্যুনাল গঠন হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই আমরা যুদ্ধাপরাধের বিচার শেষ করতে চাই। এ জন্য শিগগির আরো একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে।”
অবশ্য দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করেননি প্রতিমন্ত্রী।
যুদ্ধাপরাধীর বিচার ত্বরান্বিত করার বিষয়ে ‘অতি উৎসাহী’ কথাবার্তা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে কামরুল বলেন, “হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা দ্রুততম সময়ে যুদ্ধাপরাধের বিচার করবো। তাই অতি উৎসাহী কথাবার্তা থেকে বিরত থাকুন।”
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সংসদে সর্ব সম্মতিক্রমে ২০১০ সালের ২৬ মার্চ গঠন করা হয় তিন সদস্য বিশিষ্ট যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। গঠিত ট্রাইব্যুনালে প্রথম যুদ্ধাপরাধী হিসেবে ২০১১ সালের ৩ অক্টোবর অভিযোগ গঠনের পর জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার শুরু হয়েছে।
এ ছাড়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা, কামরুজ্জামান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরি গ্রেপ্তার হন। অপর আসামি আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে আছেন।
ওই আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ।
আলোচনায় অন্যদের মধ্যে কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, অরুণ সরকার রানা, অধ্যাপক কামরুল হাসান, গোলাম কুদ্দুস, আমরা মুক্তিযোদ্ধার সন্তানে’র কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/১৮০১ ঘ.
bdnews24