২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ব্যর্থ বলে আমাদের ব্যর্থ হলে চলবে না: খসরু

খালেদা জিয়ার রোড মার্চের পর জনসভা সফলের মধ্য দিয়ে সরকারের ‘ব্যর্থতার’ জবাব নিয়মতান্ত্রিকভাবে দেওয়ার পক্ষপাতি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

মিঠুন চৌধুরী ও মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড মার্চের পর খালেদা জিয়ার জনসভায় অন্তত ২০ লাখ মানুষ জড়ো করার মাধ্যমে সরকারের ‘ব্যর্থতার’ জবাব নিয়মতান্ত্রিভাবে দিতে চান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা থেকে বিরোধীদলীয় নেতার রোড মার্চ শুরুর দুই দিন আগে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমীর খসরু রোড মার্চ ও জনসভার প্রস্তুতি এবং সরকারবিরোধী আন্দোলনের নানা বিষয়ে কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে আগামী ৮ জানুয়ারি ঢাকা থেকে রোড মার্চ শুরু করবেন বিএনপি চেয়ারপারসন। পরদিন চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসভা করবেন তিনি। রোড মার্চকে শান্তিপূর্ণ কর্মসূচি অভিহিত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু বলেন, এর মাধ্যমে বিএনপি দেশে রাজনীতির গতানুগতিক সাংঘর্ষিক ধারার বাইরে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত রাজনৈতিক ধারার সূচনা করেছে। রোড মার্চের রাজনৈতিক লক্ষ্য কী- জানতে চাওয়া হলে তিনি বলেন, “দেশের মানুষ বর্তমান সরকারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাদের পাশে দাঁড়িয়ে এ সিদ্ধান্তের প্রতিফলন ঘটানোর দায়িত্ব আমাদের।” মহাজোট তিন বছরে দেশ পরিচালানায় ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি করে আমীর খসরু বলেন, “এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে, যদিও তা কঠিন কাজ। তবে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি এ দায়িত্ব পালন করতে না পারলে তা হবে আমাদেরও ব্যর্থতা।” গতানুগতিক সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে নিজের অবস্থান প্রকাশ করে তিনি বলেন, “আমরা চাই, নিয়মতান্ত্রিক, শন্তিপূর্ণ কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনে সফলতা লাভ করতে।” নতুন এ রাজনৈতিক সংস্কৃতি তৈরিতে সরকারকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, “দেশ, জাতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য এ ধারা অব্যাহত রাখতে হবে। গণতন্ত্র না থাকলে কিছুই থাকবে না।” বতর্মান সরকারের তিন বছরে চট্টগ্রাম ‘উন্নয়নবঞ্চিত’ বলে দাবি করেন চট্টগ্রামের এই নেতা। “বন্দর নগরী ও আশেপাশের এলাকার সড়ক যোগাযোগ বেহাল। অবকাঠামো, চট্টগ্রাম বন্দর, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা ও শিল্পাঞ্চলের যত উন্নয়ন হয়েছে তা বিগত সরকারের আমলে। বর্তমানে চট্টগ্রামবাসী অবহেলিত,” বলেন তিনি। চট্টগ্রাম রোড মার্চ ও জনসভার বিষয়ে বেশ সাড়া মিলেছে দাবি করে আমীর খসরু বলেন, “চট্টগ্রামবাসীর উৎসাহ- উদ্দীপনা ও আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। দিক নির্দেশনা পেতে চট্টগ্রামবাসী নেত্রীর অপেক্ষায় আছেন।” ৯ জানুয়ারি নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠেয় চট্টগ্রাম রোডমার্চের শেষ সমাবেশে প্রায় ২০ লাখ লোক সমাগম হবে বলে আশা করছেন তিনি। নগর বিএনপির রাজনীতিতে আমীর খসরু ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে দুটি ধারা সক্রিয় দেখা যাচ্ছে। গত সপ্তাহ খানেক ধরে রোড মার্চ ও জনসভার প্রচারও আলাদাভাবে পরিচালনা করছেন দুই নেতার অনুসারীরা। তবে এটাকে বিভেদ না বলে প্রতিযোগিতা বলেই মনে করতে চান আমীর খসরু। “গণতন্ত্রে এ ধরণের প্রতিযোগিতা থাকে,” বলেন তিনি। গত সপ্তাহে আমীর খসরুসহ নগর বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা রোড মার্চের প্রস্তুতিতে সরকারের বাধাদানের বিষয়ে অভিযোগ তুলেছিলেন। বাধা এখনো পাচ্ছেন কি না- জানতে চাইরে তিনি বলেন, গত তিন-চার দিনে কোনো ধরনের বাধা আসেনি। “সরকার যদি রোড মার্চে বাধা দেওয়ার চেষ্টা করে তবে তা হবে গণতন্ত্র, দেশ ও জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এবং সরকারের জন্য আত্মঘাতী,” যোগ করেন তিনি। সাবেক মন্ত্রী বলেন, “সরকারকে মাথায় রাখতে হবে শন্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও নির্বাচনের বিকল্প নেই। এর ব্যত্যয় ঘটলে জনগণ কাউকে ক্ষমা করবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমসি/এমআই/১৬০০ ঘ.