২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, মিথ্যাচার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন করেছেন ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 06:00 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঝিনাইদহ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, মিথ্যাচার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন করেছেন ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার শৈলকুপা শহীদ মিনার চত্বরে উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দারের বিরুদ্ধে এ মানববন্ধন করা হয়। এর আগে গত মঙ্গলবার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্পের ফাইলে স্বাক্ষর না করায় এই চেয়ারম্যানরা নায়েব আলী জোয়ার্দ্দারের অফিসে তালা দেন। চেয়ারম্যানরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান তাদের কাছে ৩-৪ টন গম দাবি করেছে। দাবি পূরণ না করায় প্রকল্প ফাইলে স্বাক্ষর করেননি তিনি। ওইদিন নায়েব আলী জোয়ার্দ্দার সাংবাদিকদের কাছে চেয়ারম্যানদের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ এনে বলেন, প্রকল্পের কাজ সঠিকভাবে না করে চেয়ারম্যানরা টাকা-পয়সা লুটেপুটে খায়। এ ঘটনার পর ১৪ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যে ১১ জন উপজেলা চেয়ারম্যানের মুখোমুখি অবস্থান নিলেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে দিগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম বলেন, উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সম্পর্কে সাংবাদিকদের কাছে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। উপজেলা চেয়ারম্যানের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আরো কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে উপজেলা চেয়ারম্যান বৃহস্পতিবার চেয়ারম্যানদের আনা অভিযোগ ফের অস্বীকার করে বলেন, তিনি ইউপি চেয়ারম্যানদের দুর্নীতির কাছে মাথা নত করবেন না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজমল হক জানান, উপজেলা চেয়ারম্যান, দু’জন ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সমন্বয়ে উন্নয়ন কাজ হয়ে থাকে। এ বিরোধের কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে উল্লেখ করে তিনি সমঝোতার চেষ্টা করছেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৫৮ ঘ.