২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের বিচার ‘বড়দের আইনে’

বিভিন্ন অভিযোগে গ্রেপ্তারকৃত শিশুরা তাদের জন্য তৈরি আইনের আওতায় আসছে না পুলিশ বাহিনীর ‘অদক্ষতা’ কিংবা ‘সুবিধার’ কারণে। আঙ্গুল উঠছে ম্যাজিস্ট্রেটদের প্রতিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন অভিযোগে গ্রেপ্তারকৃত শিশুরা তাদের জন্য তৈরি আইনের আওতায় আসছে না পুলিশ বাহিনীর ‘অদক্ষতা’ কিংবা ‘সুবিধার’ কারণে। আঙ্গুল উঠছে ম্যাজিস্ট্রেটদের প্রতিও। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দেশে দরিদ্র পরিবারের শিশুদের জন্ম সনদ থাকে না। ফলে আইন শৃঙ্খলা বাহিনী অল্প বয়সী শিশুর বেশি বয়স দেখিয়ে চালান করে দেয়।” অথচ রাষ্ট্রের পক্ষে শিশুদের অভিভাবক হিসেবে প্রবেশন কর্মকর্তারই এসব বিষয় দেখভাল করার কথা, যোগ করেন তিনি। শিশু আইনের ৪৮ ধারায় বলা হয়েছে, কোনো শিশুকে গ্রেপ্তারের পরপরই তার অভিভাবককে ডেকে জামিন নিশ্চিত করতে হবে। আর ৩১ ধারা অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রবেশন কর্মকর্তা শিশুর অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে তার জামিনের ব্যবস্থা করবেন। এক্ষেত্রে জামিন না হলে ওই শিশুর সামাজিক তদন্ত প্রতিবেদন তৈরি এবং তা আদালতে দাখিল করার কথা ওই কর্মকর্তার। ৬৪ জেলার সবগুলোতে প্রবেশন কর্মকর্তা থাকার কথা থাকলেও রয়েছেন ২১ থেকে ২২ জন। শিশু আইনের লঙ্ঘন প্রসঙ্গে ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “কিশোর বিচার ব্যবস্থার প্রতিটি পর্যায় থেকে শিশুদের আটকে রাখার পরিবর্তে পারিবারিক পরিমণ্ডলে সমাজে বেড়ে ওঠার দিক নির্দেশনা থাকলেও বাস্তবে সেটি অনুপস্থিত।” নারী ও শিশু নির্যাতন দমন এবং শিশু আইন ১৯৭৪ অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের শিশু বলে উল্লেখ করা হয়েছে। তবে দেশের অন্যান্য আইনে ১৮ বছরের কম বয়সীকে বলা হয়েছে শিশু। শিশু আইন সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীর বেশিরভাগ সদস্যদের সচেতনতা এবং প্রশিক্ষণের অভাবের কারণে এমনটি ঘটছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) পরিচালক তৌহিদা খন্দকার। তার মতে, সবার আগে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সচেতন করতে হবে। বাংলাদেশ সোসাইটি ফর দি এনফোর্সমেন্ট অফ হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ ঘটনার ক্ষেত্রে পুলিশের করা প্রাথমিক তথ্য প্রতিবেদনের (এফআইআর) সঙ্গে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনের মিল থাকে না। প্রবেশন কর্মকর্তাকে অবহিতসহ নানা ঝামেলা এড়াতে তাদের বয়স বাড়িয়ে দেয় পুলিশ সদস্যরা। অবশ্য এর সঙ্গে ম্যাজিস্ট্রেটের ভূমিকাকেও যোগ করছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান। তিনি বলেন, “দুর্ভাগ্যজনক হলেও সত্য অনেক ম্যাজিস্ট্রেট তাকিয়েও দেখেন না কাঠগড়ায় কাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে! তার বয়স আসলে কত? শুধু পুলিশের দেওয়া নথি দেখেই তারা সিদ্ধান্ত দেন।” কারাগার পরিদর্শনের অভিজ্ঞতার কথা তুলে ধরে মিজানুর বলেন, “আমি কারাগারগুলোতে ১২, ১৩, ১৪ বছরের অনেক বাচ্চাকে দেখেছি। জিজ্ঞেস করেছি তোমাদের বয়স কত? ওরা উত্তর দেওয়ার আগেই কারা কর্তৃপক্ষ বলেছে- ২২ বছর, ২৩ বছর।” এসব কারণেই শিশু হয়েও বড়দের আইনে তাদের বিচার হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে সারাদেশের কারাগারে কতজন শিশু রয়েছে- এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক আশরাফুল ইসলাম খান জানান, ২ জানুয়ারি পর্যন্ত সরাদেশের কারাগারগুলোতে ১৬ বছরের নিচে ১৮ জন ছেলে ও ১ জন মেয়ে এবং ১৬ থেকে ১৮ বছরের ৪১ জন ছেলে এবং ২ জন মেয়ে রয়েছে। আদালত থেকে কোনো অল্প বয়সী অপরাধীকে কারাগারে পাঠানোর পর তাকে দ্রুত কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয় বলেও দাবি করেন তিনি। কারা মহাপরিদর্শকের দেওয়া তথ্য অনুযায়ী, সারদেশে ৬ বছরের নিচে ৩৪০ শিশু তাদের সাজাপ্রাপ্ত মায়ের সঙ্গে কারাগারগুলোতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৭৪০ ঘ.