নারায়ণগঞ্জ, জানুয়ারী ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি পিকআপ ভ্যান খাদে পড়ে এর চালক নিহত হয়েছেন। আহত হন তিনজন।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি এলাকায় এ দুর্ঘটনায় নিহত জাকির হোসেন চাঁদপুরের রায়পুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচায় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় ভৈরব থেকে কাঁচা তরকারি নিয়ে ঢাকাগামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জাকির হোসেনের মৃত্যু হয়।
আহতরা সবাই পিকআপ ভ্যানে তরকারির বস্তার উপর বসা ছিলেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৫ ঘ.
bdnews24