সাভার, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে শ্রমিক অসন্তোষের কারণে সাভারের আশুলিয়ায় বিদেশি মালিকানার একটি তৈরি পোশাক কারখানায় একদিনের ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার খেজুরবাগানের ভারতীয় মালিকানাধীন কসমোপলিটন ইন্ডাস্টিজ (প্রা.) লিমিটেডে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের সিনিয়র সহকারী পরিচালক সৈয়দ এমদাদুল হক জানান, সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদান না করে পাঁচ দফার একটি লিখিত দাবি পেশ করে। কর্তৃপক্ষ তা আমলে না নিলে ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
দুপুরের পর কারখানা কর্তৃপক্ষ, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়ের পরিদর্শক (লেবার) ও শ্রমিক প্রতিনিধির সমঝোতা বৈঠক বসে। কিন্তু তা অমীমাংসিতভাবে শেষ হয়।
এর পরিপ্রেক্ষিতে বিকাল ৩টার দিকে কর্তৃপক্ষ কারখানাটি একদিনের (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকরা বাড়ি চলে যায়।
এ কারখানায় প্রায় ৬ হাজার শ্রমিক রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে বেতন ছয়শ’ টাকা বৃদ্ধি, প্রতিবছর শতকরা ১২ টাকা হারে বেতন বৃদ্ধি, শতভাগ ওভারটাইমের টাকা পরিশোধ।
এছাড়া এ দাবি ১ জানুয়ারি থেকে এ কার্যকর করতে হবে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ধারণা করা হচ্ছে কোনো শ্রমিক সংগঠন শ্রমিকদের উস্কে দিচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কারখানার ভেতর ও বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
কারখানার শ্রমিক সুলতান, শারমীন আক্তার বেবী, শামীমা আক্তারসহ বেশ কয়েকজন জানান, দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার পর বিভিন্ন কারখানা মালিক তাদের শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছে। কিন্তু একাধিকবার দাবি জানানোর পরও আমাদের বেতন বাড়েনি।
দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ ও কর্মবিরতি অব্যাহত থাকবে বলে শ্রমিকরা জানান।
কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা যে দাবি পেশ করেছে তা অযৌক্তিক। তাদের বুঝিয়ে কাজে যোগদানের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় কারখানা ছুটি দেওয়া হয়েছে।
কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮০০ ঘ.
bdnews24