২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলা: অধিকতর তদন্তের নির্দেশ

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

সিলেট, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে সিলেটের একটি আদালত। বৃহস্পতিবার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ মামলার সম্পূরক অভিযোগপত্রের ওপর নারাজির শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান মামলার আইনজীবীরা। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) কিশোর কুমার কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার মূল পরিকল্পনাকারী ও আশ্রয়-প্রশ্রয়দানকারীদের খুঁজে বের করতে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।” প্রায় এক ঘণ্টার শুনানিতে সিলেটের সরকারি কৌশুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ ছাড়াও কিবরিয়া পরিবারের পক্ষে নারাজি দরখাস্ত দাখিলকারী আইনজীবীরা উপস্থিতি ছিলেন। গত বছরের ২০ জুন হবিগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়। কিন্তু কিবরিয়ার পরিবারের পক্ষে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর ভুঁইয়া বাবুল এই সম্পূরক অভিযোগ পত্রের ওপর ২৮ জুন হবিগঞ্জের আদালতে নারাজি আবেদন দাখিল করতে চাইলে আদালত সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে তা দাখিল করার কথা বলে। কিবরিয়ার পরিবার এই হত্যাকা-ের সঙ্গে বিগত চারদলীয় জোট সরকারের আমলের আরো শীর্ষ ও প্রভাবশালী নেতা জড়িত থাকতে পারেন বলে দাবি করে নারাজি আবেদন করেন। গত ২৫ অক্টোবর ধার্য তারিখে নারাজি দরখাস্ত গ্রহণের পর আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে আদেশের জন্য ৫ জানুয়ারি (আজ) মামলার নতুন তারিখ ধার্য করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪১ ঘ.