সিলেট, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই জন।
বৃহস্পতিবার বিকালে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাটাখাল-বর্ণি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার জমির উদ্দিন (৩৫), ছাতক উপজেলার চাতিবহর এলাকার ফয়জুল ইসলাম (৩৪) ও অজ্ঞাতনামা এক যুবক (২৫)।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক নন্দন কান্তি ধর জানান, বিকাল ৩টার দিকে কাটাখাল-বর্ণি সেতুতে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী অটোরিকশার সঙ্গে সিলেটগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে সেতুর রেলিং ভেঙে দুটি গাড়িই ধলাই নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে দুই জন মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপরজন।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহত দুই জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নন্দন কান্তি ধর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৭৩৮ ঘ.
bdnews24