ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীতে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধা নিশ্চিত করতে রেল বিভাগে ওই সময়ের সব ছুটি বাতিল করা হয়েছে।
রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন চালুর কথাও জানান তিনি।
আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম দফায় এবং ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা হবে। এতে ধর্মপ্রাণ লাখ লাখ মানুষ অংশ নিয়ে থাকেন।
ইজতেমা উপলক্ষে রেল ভবনে সংবাদ সম্মেলনে সুরঞ্জিত বলেন, ইজতেমা চলাকালীন যাত্রীদের ভোগান্তি দূর করতে রেলের ১৫০ জনের একটি ভ্রাম্যমাণ দল টিকিট বিক্রি করবে।
তিনি বলেন, মুসল্লিদের সুবিধার জন্য এবার গত বারের চেয়ে ১২টি বাড়তি কোচ সংযোজন করা হয়েছে। গত বছর ছিলো ২২টি, এবার তার সঙ্গে আরো ১২টি যোগ হয়ে মোট কোচ সংযোজন হচ্ছে ৩৪টি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ জানুয়ারি দুপুর থেকে ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের আগ পর্যন্ত ঢাকাগামী সব নিয়মিত ট্রেন টঙ্গি স্টেশনে ২ মিনিট যাত্রা বিরতি করবে। ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্তও একই পদ্ধতি চলবে।
সংবাদ সম্মেলনে ছিলেন রেল বিভাগের সচিব ফজলে কবির, বাংলাদেশ রেলওয়ের মহপরিচালক মো. আবু তাহের ও সহকারী মহাপরিচালক খলিলুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬৫১ ঘ.
bdnews24