২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ বিলম্বিত, তাই যমুনা অবরোধ

ঢাকাগামী যমুনা এক্সপ্রেস টেনকে আগে যেতে পথ করে দেওয়ার প্রতিবাদে জয়দেবপুর রেল জংশনে অবরোধ করেছে অপর একটি ট্রেনের যাত্রীরা। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 04:34 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

গাজীপুর, জানুয়ারি ০৫ (বিডি নিউজটোয়েন্টিফোর ডটকম)- ঢাকাগামী যমুনা এক্সপ্রেস টেনকে আগে যেতে পথ করে দেওয়ার প্রতিবাদে জয়দেবপুর রেল জংশনে অবরোধ করেছে অপর একটি ট্রেনের যাত্রীরা। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জগামী তুরাগ ট্রেনের যাত্রীদের অবরোধের মুখে শেষ পর্যন্ত যেতে যমুনাকে থামিয়ে দিতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. জিয়াউদ্দিন সরদার জানান, তারাকান্দি থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটিকে প্রতিদিন সকাল ৭টা ২৫ মিনিটের দিকে জয়দেবপুর রেলজংশন ‘পাস’ করার ব্যবস্থা করতে হয়। এর পরই জয়দেবপুর রেলজংশন থেকে ছাড়া হয় নারায়ণগঞ্জগামী তুরাগ ট্রেনটি। কিন্তু বৃহস্পতিবার যাত্রীরা আগে তুরাগকে যেতে দেওয়ার দাবিতে রেল লাইনে অবরোধ দেয়। রেলওয়ে নিয়ন্ত্রণকক্ষের নির্দেশানুযায়ী উদ্ভূত পরিস্থিতিতে সকাল পৌনে ৮টার দিকে তুরাগ ছেড়ে দেওয়া হয়। এরপরই ছাড়া হয় যমুনাকে। এতে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে প্রায় ১ ঘণ্টার মতো থামিয়ে রাখা হয় বলেও জানান স্টেশন মাস্টার জিয়া। দুটি ট্রেন আটকে থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পোশাক কারখানার শ্রমিক ও যমুনার যাত্রী সানোয়ার হোসেন জানান, জয়দেবপুরে দেরি হওয়ায় তিনি সঠিক সময়ে অফিস ধরতে পারবেন না। অন্যদিকে তুরাগের যাত্রীদের প্রতিদিনের দুর্ভোগের কথা তুলে ধরে ওই ট্রেনের নিয়মিত যাত্রী আবুল কালাম আজাদ বলেন, প্রতিদিনই তুরাগ ছাড়তে দেরি করে। তাছাড়া পরবর্তী স্টেশনগুলোতেও তুরাগ দেরি করে। এতে যথাসময়ে নারায়ণগঞ্জ যাওয়া সম্ভব হয় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১০৩০ ঘ.