২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ, আহত ১৮

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালনকালে বুধবার পিরোজপুর শহরে সংগঠনটির একাংশের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 05:36 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

পিরোজপুর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালনকালে বুধবার পিরোজপুর শহরে সংগঠনটির একাংশের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। এতে পুলিশ, সাংবাদিক, পথচারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন সহকারী পুলিশ সুপার আকরামুল হোসেন, কনস্টেবল আবুল বাশার, মো. মাসুদ, আনিস, আবুল কালাম ও আনসার। এছাড়াও রয়েছেন সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল ও চ্যানেল আই), ফিরোজ আহম্মেদ (দেশ টিভি), কলেজ ছাত্র খালিদ, সুমন সাহা, পুস্তক ব্যবসায়ী বাচ্চু ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ আহম্মেদ রানার নেতৃত্বে সংগঠনটির একাংশ একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ মোড়ে এলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় রানা গ্রুপের কর্মীরা পুরাতন জেলা প্রশাসক অফিসের সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। তারা জেলা পরিষদ মার্কেটের সামনে কয়েকটি মোটরসাইকেল ভাংচুরেরও চেষ্টা চালায়। এ সময় শহরের প্রাণকেন্দ্র মসজিদ মোড় রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রলীকর্মীরা মুক্তিযোদ্ধা মার্কেটসহ বিভিন্ন ভবনের ছাদে উঠে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষ চলাকালে শহরের দোকানপাট, যানবাহন ও পথচারী চলাচল কয়েকঘণ্টা বন্ধ থাকে। সহকারী পুলিশ সুপার আকরামুল হোসেন বলেন, রানা গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীদের বাধা না দিলে প্রতিপক্ষের (শুভ-অভি গ্রুপ) সঙ্গে তাদের সংঘর্ষের সম্ভাবনা ছিল। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগের আরেকটি অংশের থাকা জেলা সভাপতি সভাপতি ফয়সাল মাহাবুব শুভ ও সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভি। সংবাদ সম্মেলনে শুভ ও অভি অভিযোগ করেন, তারা র‌্যালি নিয়ে সংগঠনের কার্যালয়ে যাওয়ার পথে সাধনা ব্রিজের ওপর পুলিশ বাধা দেয় এবং ব্যানার ছিঁড়ে ফেলে। অতর্কিত তাদের লাঠিপেটা করে র‌্যালিকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিপেটায় ৭-৮ জন নেতাকর্মী আহত হন। আওয়ামী লীগের এক নেতার ইঙ্গিতে পুলিশ তাদের বাধা দেয় এবং কর্মসূচি পালন করতে দেয়নি বলেও অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৩৩ ঘ.