গাজীপুর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোতাকাব্বীর আহম্মেদকে তার অফিস কক্ষে আটক ও কর্মচারীদের লাঞ্ছিত করার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেত্রীর ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন হলেন - গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা ফায়জিয়ার ছেলে দোলন (৪০) ও তার সহযোগী মো. হান্নান (৩৮)।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোলন ও হান্নান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোতাকাব্বীর আহম্মেদের অফিস কক্ষে প্রবেশ করেন।
এ সময় তারা কিছু অন্যায় নামজারি করার তদবির করলে সহকারী কমিশনার তা প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে যুবলীগ নেতা-কর্মীদের কয়েকজন অফিস থেকে বের হয়ে এসি ল্যান্ডের কক্ষ বাইরে থেকে আটকে দেয়।
“ফলে ভেতরে আটকা পড়েন এসি ল্যান্ডসহ বেশ কয়েকজন কর্মচারী। যুবলীগ নেতা-কর্মীরা সরকারি কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিতও করে। অফিসের ভেতর থেকে তাদের হইচই শুনে বাইরে থেকে লোকজন এসে জড়ো হয়ে যায়।”
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোলন এবং হান্নানকে গ্রেপ্তার করে এবং এসি ল্যান্ডকে উদ্ধার করে বলে জানান ওসি।
তিনি আরো জানান, এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোতাকাব্বীর আহম্মেদ বাদী হয়ে দ্রুত বিচার আইনে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/০১২৪ ঘ.
bdnews24